অনলাইন নিলামে মুশফিকের প্রথম ডাবল সেঞ্চুরির ব্যাট

২০ এপ্রিল, ২০২০ ০৮:৫৩  
করোনায় মানুষের পাশে দাঁড়িয়েছে সাকিব আল হাসান। সাথে নিজেদের করোনা লড়াইয়ের পেছনের যোদ্ধা উল্লেখ করে সাকিব দেশের ক্রিকেটের বড় তারকা তামিম ইকবাল-মুশফিকুর রহিমদের প্রতি আহ্বান জানিয়েছেন, তাদের ব্যাট বা ক্রীড়া সামগ্রী নিলামে তুলে করোনা লড়াইয়ে সামিল হতে। বাটলারের মতো তারকার করোনা লড়াইয়ে এগিয়ে আসাকে উদাহরণ হিসেবে উল্লেখ করেন তিনি। সাকিবের ওই আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ দলের ‘মিস্টার ডিপেনডেবল’ মুশফিকুর রহিম ২০১৩ সালে শ্রীলংকার বিপক্ষে গল টেস্টে করা তার ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির ব্যাটটি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন। মুশফিক নিজেই সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। অনলাইন নিলামের কথা জানিয়ে মুশফিকুর রহিম জানিয়েছেন, ‘আমার প্রথম ডাবল সেঞ্চুরি করা ব্যাটটি নিলামে তুলছি। ডিজিটাল অকশন করার ইচ্ছে আছে। দেখি কতদূর ব্যবস্থা করা যায়। সবাইকে অনুরোধ করব, যাদের সামর্থ্য আছে, তারা যেন নিলামে আসেন এবং বেশি বেশি করে দাম তোলেন। কারণ ব্যাট থেকে যা টাকা আসবে পুরোটাই গরিব মানুষদের জন্য খরচ করা হবে।’